বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর।

রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ তারিখে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহবুবুর রহমান। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয়।

মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তার পেশাদারত্ব, দায়িত্ববোধ ও সততা বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার অকাল মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ প্রশাসককে হারালো, যা পূরণ করা কঠিন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন মন্ত্রী এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

১৩তম বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা ছিলেন মাহবুবুর রহমান। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ গত বছরের ২৫ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন।

মৃত্যুকালে স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন মাহবুবুর রহমান।