পটুয়াখালীতে টর্নেডোর আঘাতে শাহিন হাওলাদার (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার মেয়ে সনিয়া আক্তার (১৭)। টর্নেডোর আঘাতে সাতটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। গতকাল বেলা দেড়টার দিকে পৌরসভার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাহিন ওই এলাকার মৃত খবির হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে চরপাড়া এলাকায় বাড়ির পাশে লাউকাঠী নদীতে গোসল করছিলেন শাহিন। এ সময় আকস্মিক টর্নেডোয় একটি বসতঘরের টিনের চালা উড়ে তার গলায় আঘাত হানে। আর রান্নার সময় ঘর ভেঙে তার মেয়ের ওপর পড়ে। তাত্ক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।
এদিকে টর্নেডোর আঘাতে ওই এলাকার রহিম হাওলাদার, শমেত্র বেগম, চাঁন বানু, জব্বার তালুকদার, ফিরোজা, নয়ন খাঁ ও সামছুল হুদার বসতঘর বিধ্বস্ত হয়েছে।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্তদের সাহায্যের চেষ্টা অব্যাহত আছে।










