সিরাজগঞ্জের সলঙ্গায় বাস উল্টে খাদে পড়ে গেছে। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শুক্রবার সকাল ১০টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ১০টার দিকে গোঁজা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসের নিচের চাপা পড়ে একটি অটোভ্যান। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা এক নারীসহ মোট চার জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।










