বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বিচার বিভাগ থাকবে স্বাধীন নিরপেক্ষ ও ন্যায়বিচারের প্রতীক, যেখানে সরকারের কোনোরকম হস্তক্ষেপ থাকবে না। আজ রোববার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার কালিতলায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এ দেশটা আপনাদের, আপনারা যাকে খুশি তাকে ভোট দেন। কিন্তু এ দেশটাকে আপনারা এমন কারো হাতে তুলে দেবেন না, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, ৭১ এ গণহত্যা করেছে। তিনি বলেন, আমরা একটা ভালোবাসার পৃথিবী চাই, সুন্দর পৃথিবী চাই। যেখানে ধর্মের কারণে বিভাজন সৃষ্টি করা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা এখন একটা সুযোগ পেয়েছি নতুন বাংলাদেশ নির্মাণ করার। আগামী ১২ ফেব্রুয়ারি হচ্ছে সেই সুযোগ।
বিএনপি মহাসচিব বলেন, আমরা এ নির্বাচনের মাধ্যমে এমন একটা সরকার চাই, যে সরকার পার্লামেন্টে গিয়ে বাংলাদেশী মানুষের প্রতিনিধিত্ব করবে। ধর্ম বর্ণের কোনো বিভেদ করবে না, হিংসা ছড়াবে না। তিনি আরো বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশ শোকে বিহ্বল হয়ে পড়েছিল, কারণ জনসাধারণ তাকে মনে করতেন তাদের ভরসাস্থল। যেমন করে জনসাধারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুতে আপনজন হারানোর আহাজারি করেছিলেন। আজ তাদেরই যোগ্য সন্তান তারেক রহমান আমাদের নেতা।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের একটা আমূল-পরিবর্তন আনতে চাই। আমরা নারীদের, মায়েদের ক্ষমতায়ন চাই। বিএনপির কর্মসূচিতে থাকা ‘ফ্যামিলি কার্ড’ নারীদের এ ক্ষমতায়ন এনে দেবে। এর মাধ্যমে একজন নারী পরিবারের সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সীমিত মূল্যে পাবেন, পরিবারের জীবিকা নির্বাহে ভূমিকা রাখবেন। এ ছাড়া কৃষি কার্ডের মাধ্যমে কৃষক পাবেন ন্যায্যমূল্যে বীজ সার কীটনাশক এবং তাদের উৎপাদিত কৃষি পণ্যের পাবেন উপযুক্ত দাম। বেকারত্ব দূর করতে দলের কর্মসূচি হচ্ছে নির্বাচিত হওয়ার ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান।
সালন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মওলা চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















