ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় অনেকদিন ধরেই বন্ধ ছিল কয়লা আমদানি-রফতানি কার্যক্রম। দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর অবশেষে এই উপজেলার দুই স্থলবন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি কার্যক্রম শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলি স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম। এ সময় হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান, গোবরাকুড়া কড়ইতলি স্থলবন্দরের পরিচালক মোস্তাফিজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়া, কড়ইতলি গোবরাকুড়া আমদানি ও রফতানিকারক উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. রমজান আলী জহিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর মাহমুদুল হক সায়েম বলেন, আমরা হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাকে নতুনভাবে সাজাচ্ছি। স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি চালু থাকলে ব্যবসায়ীরা লাভবান হবেন।

এসময় তিনি বন্দরগুলোতে সীমান্ত হাট করার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন।

স্থানীয় এই সংসদ সদস্য আরো বলেন, এখন শুধু কয়লা আমদানি করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। বন্দরটি পুরোপুরি চালু হলে দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে বলেও জানান তিনি।

এক বছর পর গোবরাকুড়া ও কড়ইতলি স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু হওয়ার হালুয়াঘাট উপজেলায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।