সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল ছড়িয়ে পড়া একটি পরিপত্রে বলা হয়, সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন হয়েছে ও তিন দিন সাপ্তাহিক ছুটি থাকবে। ওই পরিপত্রকে ‘ভুয়া’ বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে তিন দিন অফিস পরিচালনা প্রসঙ্গে গতকাল একটি স্মারক পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ ধরনের কোনো প্ত্র জারি করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হলো।

‘ভুয়া’ হিসেবে চিহ্নিত গতকালের ওই ঘোষণায় বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বর্তমান বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতির বিবেচনায় জ্বালানি সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে সরকার আগামী ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর জন্য কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ সময় সপ্তাহে বর্তমান পাঁচ কর্মদিবসের পরিবর্তে তিন দিন (রবিবার, সোমবার ও মঙ্গলবার) সশরীরে উপস্থিত থেকে অফিস কার্যক্রম পরিচালিত হবে। ওই তিন কার্যদিবসে অফিসের সময় হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

আরো বলা হয়, সপ্তাহের অবশিষ্ট দুই কার্যদিবস (বুধবার ও বৃহস্পতিবার) দাপ্তরিক কাজ ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে সম্পন্ন করতে হবে। জরুরি পরিষেবা দানকারী সংস্থাসমূহ (যেমন:হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ ইত্যাদি) এই নির্দেশনার আওতামুক্ত থাকবে এবং তাদের নিজস্ব বিধি মোতাবেক নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।