ঈদুল ফিতর সামনে রেখে আজ বুধবার (২৭ মার্চ) থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেলের সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। আর মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তিনি বলেন, বুধবার (২৭ মার্চ) থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়বে। বাড়তি সময়ে আরো ১০ টি ট্রেন চলাচল করবে। এতে দিনে মেট্রো চলাচলের মোট সংখ্যা হবে ১৯৪ বার। সে সময় যাত্রী চলাচল করতে পারবেন দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন।

বর্তমানে মেট্রোরেল চলাচল করছে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত। পিক আওয়ারে (৭টা থেকে বেলা ১১টা এবং বেলা ২টা থেকে রাত ৮টা) প্রতি ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। আর বেলা ১১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে।