নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের রামারবাগ এলাকায় নদী দূষণকারী টিএইচ ফেব্রিক্স (মিশর ডাইং) কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে পুলিশ, বিদ্যুৎ বিভাগ, তিতাস গ্যাস এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম এ অভিযান চালায়। বিকালে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, কারখানাটি দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র এবং দূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি স্থাপন ছাড়াই উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছিল।










