যশোরে বিষাক্ত মাদক সেবন করে দুজনের
মৃত্যুর অভিযোগ পাওয়া গিয়েছে। একই ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন
রয়েছেন আরো তিনজন। যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে
তারা বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য পান করলেও জানাজানি হয় আজ শুক্রবার (২৭ জানুয়ারি)।
এ ঘটনায় মারা গিয়েছেন যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের ইসলাম (৪৫) ও জাকির হোসেন (২৯)। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন একই গ্রামের আবুল কাশেম (৫৫), সিতারামপুর গ্রামের বাবলু (২৮) ও রিপন হোসেন মোড়ল (৩৬)।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের একটি লিচু
বাগানে বসে তারা পাঁচজন ওই বিষাক্ত নেশাদ্রব্য পান করেন। রাতেই অসুস্থ হয়ে পড়লে
তারা প্রাথমিক চিকিৎসা নেন। কিন্তু অবস্থায় অবনতি হলে ইসলামকে বৃহস্পতিবার ভোরে তথ্য
গোপন করে হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন দুপুরেই মারা যান তিনি। পরিবারের সদস্যরা দ্রুত ছাড়পত্র ছাড়াই মৃতদেহ
হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যায়।
বাকি চারজনও অসুস্থ হয়ে একে একে
হাসপাতালে ভর্তি হন। আজ দুপুরে মারা যান জাকির হোসেন। জাকিরের মৃত্যুর পর বিষয়টি
জানাজানি হয়।
যশোর হাসপাতালের জরুরি বিভাগের
চিকিত্সক আব্দুর রশিদ জানান, স্বজনরা তথ্য গোপন করে রোগীদের
হাসপাতালে ভর্তি করেন। তবে রোগীদের মুখে গন্ধ থেকে বোঝা যায় অতিরিক্ত বা বিষাক্ত
নেশাজাতীয় দ্রব্য পানের ফলে তারা অসুস্থ হয়ে পড়েছেন।
যশোর কোতোয়ালি মডেল ওসি তাজুল ইসলাম
জানান, নেশাজাতীয় দ্রব্য সেবনে মৃত্যু ও অসুস্থ হওয়ার খবর তারা পেয়েছেন।
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা অন্য কেউ তাদের কাছে কোনো অভিযোগ করেনি। খবর পাওয়ার
পর বিষয়টি তারা খোঁজখবর নিয়ে দেখছেন।










