বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। উপজেলার বুড়িমুটকি গ্রামে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের পাশে ১ হাজার ৫২০ মিটার দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা। গত বছরের ১ অক্টোবর ঠিকাদারি প্রতিষ্ঠান আবু তোয়বুর রহমানকে কার্যাদেশ দেয়া হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান রাউজুল কারিমের কাছে কাজটি বিক্রি করে দেয়া হয়। চলতি বছরের ডিসেম্বরে কাজটি শেষ করার কথা। তবে প্রকল্পের মেয়াদ চার মাস বাকি থাকলেও কাজই শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সংশ্লিষ্টরা বলছেন, ওই সড়কে বন বিভাগের কিছু গাছ রয়েছে সেগুলো কাটা না হলেও সড়ক প্রশস্তের কাজ করা যাচ্ছে না। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, এর দায় উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রকৌশল বিভাগের। ১৩০টি গাছ না কাটার কারণে নির্মাণকাজ শুরু হয়নি। তবে গাছগুলো কাটার উদ্যোগ নেয়নি কোনো দপ্তর।

এ বিষয়ে ঠিকাদার রাউজুল করিম বলেন, ‘দেড় বছর ধরে উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ধরনা দিচ্ছি। গাছ না কাটার কারণে কাজ শুরু করতে পারছি না। এজন্য আমি নিজেও ক্ষতিগ্রস্ত।’

তেঁতুলিয়া উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান জানান, চলতি বছরের জানুয়ারিতে গাছ কাটার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগে চিঠি দিয়েছেন। সর্বশেষ চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তার কাছে গাছ কাটার বিষয়ে চিঠি দিয়েছেন। তবে বন বিভাগ গাছ কাটার কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেয়নি।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু জানান, আসলে ওই সড়কের গাছগুলো সামাজিক বনায়ন বিভাগের হওয়ায় কাটার উদ্যোগ নেয়া যাচ্ছে না। তবে তিনি উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগাদা দিয়েছেন গাছ কাটার জন্য। এ বিষয়ে বন বিভাগই উদ্যোগ নেবে।

এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান জানান, গাছ কাটার বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই সড়ক নির্মাণকাজ শুরু হবে।