বিএনপির সমর্থকরা বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করলেও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবে এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু গত রাতে কিছু কিছু এলাকায় বিএনপি সমর্থকরা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে । পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

জামায়াতের আমির আরো বলেন, আমরা চাচ্ছি, দিনশেষে একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক। আর তাই ছোটখাটো বিষয়গুলো ওভারলুক করছি। বিভিন্ন কেন্দ্রে ভিজিট করেছি, সকালে তরুণ ও নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল। আমরা আশাবাদী, একটা ভালো টার্নওভার হবে।

আগামীতে আর কোনো ফ্যাসিবাদকে জনগণ ওয়েলকাম করবে না বলেও মন্তব্য করেন তিনি। তার দল জামায়াতে ইসলামী কয়টি আসনে জয়লাভ করতে পারে এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, আমি কোন সংখ্যা বলব না। কারণ এটা বললে জনগণের অধিকার থাকে না। তারা এখনো ভোট দিচ্ছে। এখন যদি আমি বলে দেই তাহলে এটা ভোটাদের অধিকারে হস্তক্ষেপ। আমি প্রিয় জনগণের ওপর যথেষ্ট আস্থা রাখি। আমরা আশা করি জনগন সঠিক সিদ্ধান্তই নেবেন।

বিএনপি কর্মী ও সমর্থকরা বিভিন্নভাবে জামায়াতের কর্মীদের ওপর হামলা করছে জানিয়ে শফিকুর রহমান বলেন, ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখা, কুমিল্লার বরুড়া, লাকসাম, ভোলা ও হাতিয়ায় বিএনপির নেতাকর্মীরা আমাদের কর্মী, সমর্থক ও ভোটাদের ওপর হামলা করছে, শারীরিকভাবে হেনস্তা করছে। এছাড়া সারাদেশে বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করা হচ্ছে। আমরা বলব জাল-জালিয়াতির মাধ্যমে কেউ সরকারে গেলে তারা মানুষের দুঃখ বুঝবে না।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসঙ্গে সশস্ত্র বাহিনীর প্রতি আস্থার কথা জানান জামায়াতে ইসলামীর আমির।