দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাগেরহাটে পণ্য সরবরাহ বেড়েছে। কমতে শুরু করেছে সব ধরনের সবজি ও মাছের দাম। তবে অপরিবর্তিত রয়েছে মাংস ও মসলার দাম। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির  দাম কেজিতে ৫-৬ টাকা পর্যন্ত কমেছে। তবে পেঁয়াজ, রসুন, মরিচ, আদাসহ বিভিন্ন প্রকার মসলা এবং গরু, খাসি, মুরগি, ব্রয়লার মুরগির দাম আগের মতোই রয়েছে। মাছের দামও কিছুটা কমেছে।

গতকাল শহরের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা। বেগুন, করলা, ঢেঁড়স ও কাকরোল ৬০ টাকা কেজি। পেঁপে ৪০-৫০, ঝিঙ্গে ৫০, মিষ্টিকুমড়া ও পটল ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিছুটা কমেছে মাছের দামও। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ১০০-১ হাজার ৩০০ টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল ১ হাজার ৫০০-১ হাজার ৬০০ টাকা। ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘কেউ যদি সিন্ডিকেট বা কারসাজি করে বেশি দামে পণ্য বিক্রি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’