গতকাল অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। চূড়ান্ত ফলাফল ঘোষিত না হলেও আজ সকাল নাগাদ বেসরকারি ফলাফলে ২০০টির বেশি আসন নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজকের সব জাতীয় দৈনিকের শিরোনাম ছিল দলটির ‘নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা’ সম্পর্কিত।
প্রথম আলোর প্রধান খবরের শিরোনাম হলো ‘নিশ্চিত জয়ের পথে বিএনপি’। খবরে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায় থেকে বেসরকারিভাবে যে প্রাথমিক ফলাফল পাওয়া যাচ্ছে, তাতে নিশ্চিতভাবেই জয়ের পথে রয়েছে বিএনপি।
বণিক বার্তার প্রধান খবরের শিরোনাম ‘শান্তিপূর্ণ ভোট, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে ধানের শীষ’। খবরে বলা হচ্ছে, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে গতকাল অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সারা দেশে কয়েকটি ছোট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনে সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।
‘প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান’ এ শিরোনাম করেছে যুগান্তর। শোল্ডারে লেখা হয়েছে ‘গণতন্ত্রের যাত্রা শুরু: সারা দেশে অভূতপূর্ব উৎসবমুখর ভোটগ্রহণ’। সংবাদে বলা হয়, অবশেষে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের এখতিয়ার নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি।
‘নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি’ শিরোনাম করেছে সমকাল। খবরে বলা হচ্ছে, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর গতকাল বৃহস্পতিবার গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক পার করল বাংলাদেশ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট, নারী ও তরুণদের ব্যাপক উপস্থিতি গণতান্ত্রিক পুনর্গঠনের পক্ষে এক ঐতিহাসিক মুহূর্ত রচনা করেছে।
অন্যদিকে দুই জাতীয় দৈনিক দেশ রূপান্তর ও আজকের পত্রিকা শিরোনাম করেছে যথাক্রমে ‘তারেকের হাতেই নতুন বাংলাদেশ’ ও ‘তারেকের নেতৃত্বে বিএনপির জয়’। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ‘ভূমিধস বিজয়ে বিএনপির ইতিহাস’। কালের কণ্ঠের শিরোনাম ‘ধানের শীষে জাগল নতুন স্বপ্ন’। মানবজমিনের শিরোনাম “ভূমিধস জয় বিএনপি’র"।
ইংরেজি সংবাদপত্রের মধ্যে দ্য ডেইলি স্টারের শিরোনাম ‘বিএনপি হেডস ফর বিগ উইন’। ঢাকা ট্রিবিউন ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের শিরোনাম যথাক্রমে ‘বিএনপি উইনস অবস্যুলিউট মেজরিটি’ ও ‘বিএনপি, অ্যালাইস পয়েসড ফর ল্যান্ডস্লাইড ইন হিস্ট্ররিক পোলস’। এছাড়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ড শিরোনাম করেছে ‘বিএনপি লিডস ইন ল্যান্ডমার্ক পোলস’।














