নরসিংদীর শিবপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে তাদের দুজনের লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে দুই কিশোরী নদীতে ডুবে মারা যায়।

মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো ইয়াসমিন আক্তার (১২) ও ইমা আক্তার (১৫)। ইয়াসমিন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আবদুর রহিমের মেয়ে ও  ইমা শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই কিশোরীর পরিবার পলাশের ঘোড়াশাল পৌর এলাকার চরপাড়ায় বসবাস করে। তাদের দুজনের মধ্যে ইমা নবম শ্রেণী ও ইয়াসমিন ষষ্ঠ শ্রেণীতে পড়ত। পারিবারিক আয়োজনে অংশ নিতে লাখপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল তারা। বৃহস্পতিবার বেলা ১টার দিকে ইমা, ইয়াসমিন ও সাদিয়া শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। বেলা দেড়টার দিকে সাদিয়া পাড়ে উঠে আসে। কিন্তু ইমা ও ইয়াসমিন নদীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পর তাদের সাড়াশব্দ না পেয়ে সাদিয়া বাড়িতে গিয়ে স্বজনদের ঘটনাটি জানায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। তাদের সঙ্গে যুক্ত হয় টঙ্গী থেকে আসা ডুবুরি দল।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ৬টা থেকে নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয়। নদীতে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে ইয়াসমিনের মরদেহের সন্ধান পায় ডুবুরি দল। পরে ইমার মরদেহ পাওয়া যায়।

পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।