ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

টিকিট কালোবাজারির বিরুদ্ধে অভিযান পরিচালনা শেষে র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবির বলেন, ‘বেশকিছু দুষ্কৃতকারী ও টিকিট কালোবাজারি চক্রের দৌরাত্ম্যে স্বস্তিকর রেলভ্রমণের টিকিট সাধারণ জনগণের জন্য অস্বস্তি, চিন্তা ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনলাইন বা রেল স্টেশনের টিকিট কাউন্টারে টিকিট পাওয়া না গেলেও বেশি মূল্যে কালোবাজারে টিকিট বিক্রি হচ্ছে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, ‘কালোবাজারিরা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে রেলওয়ের প্রায় সব ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল। রেলওয়ের টিকিট বুকিংয়ের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হয়ে টিকিট কালোবাজারি করত। বিশেষ করে ঈদ, পূজা, সাপ্তাহিক ছুটিসহ বিশেষ ছুটির দিনকে উপলক্ষ বানিয়ে তারা এ কারসাজি করত।’