বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, নির্বাচন এখন সাধারণ মানুষ তথা সর্বস্তরের মানুষের দাবি, এ নির্বাচনের জন্যই এত লড়াই সংগ্রাম, মামলা, হামলা। এত গুম, খুন। তাই এখন সময় এসেছে এটি আদায় করার। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে আর কোনো তালবাহানা চলবে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপনের প্রস্ততিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী দুঃশাসনের ১৬ বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী, জন্মবার্ষিকী আমরা স্বাধীনভাবে পালন করতে পারিনি। জাতীয় ও সাংগঠনিক কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারিনি। এবার আর কোনো ধরনের বাধা নেই। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করব। সবার স্বাধ্যমতো আমরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করব। তবে আমাদের খেয়াল রাখতে হবে কারো ওপর যেন কোনো কিছু চাপিয়ে দেয়া না হয়। কোনো ধরনের অসঙ্গতি যদি লক্ষ্য করা যায় তবে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হব।

নরসিংদী সদর ও শহর বিএনপির যৌথ আয়োজনে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল কবির ভূঁইয়াসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।