মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় রাখলে আজকের যে উন্নয়ন তা অব্যাহত থাকবে। বিএনপি আমলে বলা হতো বিদ্যুৎ এসেছিল। আজকে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা পৌঁছে গেছে। সরকারি টাকায় অসহায় মানুষের জন্য ঘর করে দেয়া হচ্ছে। করোনাকালে চিকিৎসা সহায়তাসহ সব ধরনের সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি গতকাল পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আরামকাঠি হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না এলে পদ্মা সেতু, বেকুটিয়া সেতু, পাটগাতি সেতু, পায়রা সেতু নির্মাণ কোনো দিন সম্ভব হতো না। আগে ঢাকায় যেতে আট-নয় ঘণ্টা সময় লাগত। এখন পদ্মা সেতুর কারণে ঢাকায় যেতে তিন ঘণ্টা সময় লাগছে।’
মন্ত্রী আরো বলেন, ‘জামায়াত-বিএনপি এ দেশের মানুষের কোনো কল্যাণে আসতে পারেনি। দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া- তারেকদের দল আবার ক্ষমতায় এলে এ দেশের সংখ্যালঘু, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানুষ আবার নিরাপত্তাহীনতায় পড়বে।’
শ ম রেজাউল করিম বলেন, ‘আমি চেষ্টা করেছি এলাকার রাস্তাঘাট, মন্দির-মসজিদের আধুনিক উন্নয়ন করতে। এলাকার যেসব চলমান উন্নয়ন কাজ থমকে আছে তার একমাত্র কারণ নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি। আর থমকে থাকা সেসব কাজ আমার এ সময়ের মেয়াদের মধ্যে শেষ হয়ে যাবে।’
মন্ত্রী এর আগে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের আরামকাঠি শান্তির হাট এলাকায় তিনটি সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মুইদুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ, অ্যাডভোকেট এসএম ফুয়াদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান।










