প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক ডাক বিভাগের ‘পোস্ট-ই সেন্টার ফর রুরাল কমিউনিটি সেন্টার’ শীর্ষক প্রকল্পে টাকা অপব্যবহারের অভিযোগে সাবেক মহাপরিচালকসহ (ডিজি) দুজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন—ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও প্রকল্প পরিচালক সুধাংশু শেখর ভদ্র ও তখনকার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) ও সহকারী প্রকল্প পরিচালক মোস্তাক আহমেদ।

এজাহারে সরকারি ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তবে, দুদকের ২০২২ সালের এক অনুসন্ধান প্রতিবেদনে ছয় জনের সম্পৃক্ততার কথা বলা হয়। প্রতিবেদনটিতে বলা হয়, ২৩ কোটি ৮৭ লাখ ৫২ হাজার টাকার দুর্নীতির প্রমাণ পায় দুদক। কম্পিউটার, ল্যাপটপ, স্ক্যানার, ফটোপ্রিন্টার ও সার্ভার ক্রয়ে এ দুর্নীতি করা হয়েছে। কেনাকাটায় বাজারদরের চেয়ে বেশি মূল্য দেখিয়ে পরস্পর যোগসাজশে এসব অর্থ লোপাট করা হয়। প্রকল্পের আওতায় ক্রয়ের রেকর্ডপত্র পর্যালোচনা করে এই দুর্নীতির তথ্য পেয়েছে দুদক।

২০২২ সালের দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, সরকারি এসব কর্মকর্তা ও ফ্লোরা লিমিটেডের কর্মকর্তারা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করেন। তারা অত্যন্ত নিম্নমানের ২৪ হাজার ৬১০টি ল্যাপটপ টেশিস ও ফ্লোরা লিমিটেডের মাধ্যমে ক্রয় করে সরকারের ২৩ কোটি ৮৭ লাখ ৫২ হাজার টাকার ক্ষতি করেছেন। তারা দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছেন।

অভিযোগের সঙ্গে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও প্রকল্প পরিচালক সুধাংশু শেখর ভদ্র, পরিচালক (ইউপিইউএ) ও উপ-প্রকল্প পরিচালক ফয়জুল আজিম, সাবেক পোস্টমাস্টার জেনারেল ও প্রকল্প পরিচালক আলাউদ্দিন আহমেদ, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) ও সহকারী প্রকল্প পরিচালক মোস্তাক আহমেদ, টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) সাবেক প্রধান কর্মধ্যক্ষ (প্লান্ট ও কমার্শিয়াল) আব্দুস ছামাদ ও টেলিফোন শিল্প সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আসাদুল ইসলামের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক।

তাদের মধ্যে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন মোস্তাক আহমেদ। ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ফয়জুল আজিম ২০২৩ সালের ১ জানুয়ারি অবসরে গেছেন। আলাউদ্দিন আহমেদ ২০১৪ সালে এবং আব্দুস ছামাদ ২০২২ সালে অবসরে ২০২০ সালে সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।