সাম্প্রতিক সময়ে ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও গত দুদিন ধরে শহরটির বাতাস হয়ে উঠেছে ‘অস্বাস্থ্যকর’। এদিন বিশ্বের দূষিত বায়ুর নগরীর তালিকায় ১৬৩ আইকিউ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে ঢাকা।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তালিকা বলছে, আজ ৫৩৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ৪৩৩ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। আর ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কলকাতা।

এ ছাড়া ১৮৭, ১৭২ ও ১৬৪ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি, ইরাকের বাগদাদ ও পাকিস্তানের করাচি।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।