মাদারীপুরের রাজৈরে নানা বাড়ি যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নুসরাত আক্তার নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (১৭ মার্চ) রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নুসরাত রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের বৌল গ্রামের বিগুল শেখের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, মা-বাবার সঙ্গে রাজৈর উপজেলার মহিষমারি গ্রামের নানা বাড়ি যাওয়ার উদ্দেশে মহাসড়কের পাশে এসে দাঁড়ায় নুসরাত। এ সময় ব্যাটারিচালিত ভ্যানে উঠতে গেলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন।

নুসরাতের খালু ইসরাফিল মোল্লা বলেন, নুসরাতকে চাপা দেয়া মোটরসাইকেলটি বেপরোয়া চালানো হচ্ছিল। এ কারণেই নুসরাতের মৃত্যু হয়েছে।

মাদারীপুরের রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার আসাদ বলেন, অভিযুক্ত মোটরসাইকেল চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের চেষ্টা অব্যাহত আছে।