নরসিংদীর রায়পুরা উপজেলায় অগ্রণী ব্যাংকের রাধাগঞ্জ বাজার শাখা থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মারা যাওয়া আনসার সদস্যরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে তৌহিদুল আলম (২৪),
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার উকিলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে রঞ্জু মিয়া (৪০)। তারা এ ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখার ব্যবস্থাপক ফখরুল ইসলাম জানান, তৌহিদুল আলম ও রঞ্জু মিয়া মঙ্গলবার রাতের খাবার খেয়ে ব্যাংকের প্রধান ফটকে তালা দিয়ে ভেতরে ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে পরিচ্ছন্নতাকর্মী ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেট বন্ধ দেখে আনসার সদস্যদের ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে পাশের ফটোকপির দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানান। নয়ন মিয়ার কাছ থেকে বিষয়টি জেনে সকাল ৯টার দিকে ব্যাংকে এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনি পুলিশকে খবর দেন। বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকের কার্যালয়ে এসে কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকেন পুলিশ সদস্যরা। তারা ব্যাংকের ভেতরের একটি কক্ষে চৌকির ওপর ওই দুই আনসার সদস্যকে মৃত অবস্থায় পান।
তিনি বলেন, ‘নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের মৃত্যু কীভাবে হয়েছে তা আমরা বুঝতে পারছি না। তবে ব্যাংকের ভল্ট, রেজিস্টারসহ সবকিছু সুরক্ষিত আছে। কোনো কিছুই খোয়া যায়নি। তাদের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করছেন।’
দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আবুল বাশার, রায়পুরা থানার ওসি আজিজুর রহমান ও রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম।
রায়পুরা থানার ওসি আজিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের বিষক্রিয়ায় ওই দুজনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তাদের মৃত্যুর অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।










