বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পৃথক শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার নেতৃত্ব ও দেশসেবা চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।‘ তিনি শোকাতুর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং বেগম জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার শোকবার্তায় বেগম জিয়াকে পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার আজীবন সেবার এক দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে যাচ্ছেন। তিনি পাকিস্তানের একজন প্রতিশ্রুতিবদ্ধ বন্ধু ছিলেন।‘
শেহবাজ শরিফ আরো বলেন, ‘এই কঠিন সময়ে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের শোকাতুর মানুষের পাশে আছে। আমাদের চিন্তা ও প্রার্থনা মরহুমার পরিবার, বন্ধু-বান্ধব এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। মহান আল্লাহতায়ালা যেন তাকে জান্নাতবাসী করেন। আমিন।‘
উল্লেখ্য, দীর্ঘ অসুস্থতার পর আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে দেশ-বিদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও রাজনৈতিক ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করছেন।










