বাগেরহাটের মোংলায় বিক্রির জন্য রাখা ৩১ কেজি হরিণের মাংস জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। উপজেলার জয়মনিরঘোল সাইলো জেটিসংলগ্ন এলাকা থেকে এই মাংস জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ডের সদস্যরা।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে কোস্টগার্ড মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে জয়মনিরঘোল সাইলো জেটিসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বস্তা থেকে ৩১ কেজি হরিণের মাংস, ১ টি মাথা ও ৪ টি পা জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।