পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী রোহিঙ্গা মানবিক সংকট মোকাবেলায় অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং এ দীর্ঘস্থায়ী সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে দেশ‌টির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করেন।

এছাড়া সাক্ষাৎকালে তারা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও শ্রমশক্তি স্থানান্তরসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়ার ‘টেফ’ প্রতিষ্ঠান এবং বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও যৌথ কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তি‌নি বাংলাদেশী কেয়ারগিভারদের প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতা চান।

হাইকমিশনার জানান, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। সুসান রাইল বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানেও অস্ট্রেলিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে।’