শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তাদের আওতাধীন মন্দির ও পূজামণ্ডপগুলোতে বিশেষ মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছে। সোমবার (৭ অক্টোবর) থেকে পূজা উদযাপনে মশার উৎপাত কমাতে এই বিশেষ কার্যক্রমটি শুরু হয়েছে। এটি নবমীর দিন পর্যন্ত চলবে।
এই কার্যক্রমের আওতায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালী মন্দির, শিববাড়ি মন্দির, কালিবাড়ি মন্দির, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শাঁখারীবাজার পূজামণ্ডপসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপে মশক নিয়ন্ত্রণের কাজ করা হয়েছে। ডিএসসিসির আওতাধীন অন্যান্য এলাকায়ও নিয়মিত মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে মঙ্গলবার সারা দেশে মোট ৯৮১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে ডিএসসিসি এলাকায় ১৮০ জন ডেঙ্গু রোগী দেখানো হলেও যাচাই শেষে ৬২ জন রোগী পাওয়া গেছে। বাকি রোগীরা মূলত অন্যান্য এলাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডিএসসসি এলাকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।










