ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে সড়ক দুর্ঘটনায় মিত্রা রানী নাথ (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিত্রা রানী নাথ সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের তপন লাল নাথের মেয়ে। তারা দীর্ঘদিন স্বপরিবারে ফেনী শহরের মাস্টার পাড়ার স্বপ্ন রানীভবনে বসবাস করে আসছিলেন। তিনি ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মিত্রা রানী প্রাইভেট পড়তে বাসা থেকে বের হন। প্রাইভেট পড়া শেষে তিনি মোটরসাইকেলে করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কের লেমুয়া ইউনিয়নের কসকা নামক জায়গায় দুর্ঘটনার শিকার হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিত্রা রানীর মৃত্যু হয়।

তবে মিত্রা রানীর স্বজনরা জানিয়েছেন, মিত্রা রানী কোথায় বা কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন সে বিষয়ে তারা অবগত নন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।