চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণটনগর থানার সুখদেবপুর গ্রামের মৃত রতন সিংহের ছেলে মিলন সিংহ (৪২)।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩১ জানুয়ারি র্যাব শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলার একটি আমবাগানে অভিযান চালিয়ে সাতটি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলিসহ ভারতীয় নাগরিক মিলন সিংহকে আটক করে। এ ঘটনায় এসআই মো. গোলাম সারোয়ার বাদী হয়ে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের এসআই মাহমুদুল হাসান তদন্ত শেষে ২০১৮ সালের ১ মার্চ মিলনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।










