দেশের বিভিন্ন অঞ্চলে আজ মঙ্গলবার বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টি হতে পারে।  এ সময়ে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল বুধবার সারাদেশে বৃষ্টিপাত কমে তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস দিয়েছে সংস্থাটি।

গতকাল সোমবার সিলেট, ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে বৃষ্টি হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।আজ মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুর, তেঁতুলিয়া ও ডিমলায়। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।