উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর পরই বিপুল সংখ্যক উৎসুক জনতা দুর্ঘটনাস্থলে জড়ো হয়েছেন। এতে করে উদ্ধার কার্যক্রম পরিচালনায় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ব্যাহত হচ্ছে। উৎসুক জনতার অনেককেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করতে দেখা যায়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা পৌঁছায়। আগুন ছড়িয়ে পড়া ভবন থেকে হতাহতদের উদ্ধারে শুরু হয় সম্মিলিত অভিযান। তবে জনস্রোতের কারণে ভেতরে প্রবেশে বাধার মুখে পড়ে উদ্ধারকারী দল।
সোমবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও বার্ন ইনস্টিটিউট। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।















