গতকাল দেশের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বগুড়া, চাঁদপুর, নরসিংদী ও সিরাজগঞ্জে একজন করে নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর—
বগুড়া: গতকাল সকালে বগুড়া-দুপচাঁচিয়া সড়কের এরুলিয়া বিমানবন্দর এলাকায় ব্যাটারিচালিত ভ্যানকে একটি বাস সামনে থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক শামীম হোসেন (৪৮) নিহত হন।
চাঁদপুর: বেলা ৩টার দিকে মতলব-বাবুরহাট সড়কের আলেখার দোকান এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি যাত্রী নুরুল আমীন (৬৫) নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরো তিনজন। তাদের মধ্যে গুরুতর দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
নরসিংদী: দুপুরে শিবপুরের কুমড়াদি এলাকায় প্রাইভেটকারের চাকা ফেটে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে শেখ মোহাম্মদ ইলিয়াস নামের এক যাত্রী নিহত হন। সিএনজিচালকসহ আরো চারজন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
সিরাজগঞ্জ: সকালের দিকে তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন জসিম উদ্দিন (৪৮)। এ সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া: দুপুরে শহরের মৌড়াইল ফ্লাইওভারে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় একটি প্রাইভেটকার। পরে প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত ছয়জন গুরুতর আহত হন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।










