মুন্সীগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে একটি কৃষক পরিবারের ধানের জমি দখল ও পাশের জমিতে থাকা শতাধিক গাছের চারা কেটে ফেলার অভিযোগ পাওয়া গিয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজানবেগ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজানবেগ দক্ষিণপাড়া এলাকার কৃষক আব্দুল মিয়া ১০০ শতাংশ ক্রয়কৃত সম্পত্তির বেশির ভাগ অংশে ধান চাষ করেছেন। বাকি অংশে শতাধিক বিভিন্ন গাছের চারা লাগান। পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার মো. জালাল (৪২) গতকাল সকালে ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রসহ কৃষক আব্দুল মিয়ার ধানি জমিতে বাঁশের বেড়া দিয়ে জবরদখল নেন এবং পাশের জমিতে লাগানো শতাধিক গাছের চারা কেটে ফেলেন। এ সময় তাদের বাধা দিতে গেলে জালাল ও তার সহযোগীরা আব্দুল মিয়ার পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখান।
এ ঘটনায় অসহায় কৃষক আব্দুল মিয়ার ছোট ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযুক্ত জালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সদর থানার এসআই সজিবুল ইসলাম জানান, রমজান বেগ এলাকায় জমি দখল, চারা গাছ কাটার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










