পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এ সফরে রয়েছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছেন। সফর শেষে আজ রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। সফরে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা এবং বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও মতবিনিময় করবেন দুই দেশের মন্ত্রীরা।










