মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিন যাত্রী দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটা অভিমুখে যাচ্ছিল ইসলাম পরিবহনের যাত্রীবাহী বাসটি। বেলা ১২টার দিকে ধলেশ্বরী টোল প্লাজার ৪ নাম্বার লেনে প্রবেশ করলেই হঠাৎ বাসে আগুন ধরে যায়। এ সময় সবাই বাস থেকে নেমে পড়লেও তিনজন দগ্ধ হন। স্থানীয়রা এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠায়। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ধলেশ্বরী টোল প্লাজার দুইটি টোলঘর। এতে বুথ দুটিতে বর্তমানে সাময়িকভাবে বন্ধ রয়েছে টোল আদায়ের কার্যক্রম।
সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শুক্রবার বেলা ১২টা ১৬ মিনিটে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিকাণ্ডের খবর পায়। পরে স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে যাত্রীবাহী বাসটিতে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা বোঝা যায়নি। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
মুন্সিগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান,যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজন অগ্নিদগ্ধ হয়েছে এছাড়াও বাকি আহতদের স্থানীয় পর্যায়ে চিকিৎসা চলছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টোলবুথ দুটি শিগগিরই মেরামত শেষে সচল করা হবে।










