অবৈধভাবে কৃষিজমি থেকে বালি তোলার দায়ে মৌলভীবাজারে স্থানীয় এক জনপ্রতিনিধিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে তোলা দুই লাখ ঘনফুট বালি জব্দ এবং বালি উত্তোলনের দুটি মেশিন পুড়িয়ে দেয়া হয়।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছিল। সেটি বন্ধে সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ইউনিয়নের সাতগাঁও চৌমোহনা, ভুনবীর চৌমোহনা, মির্জাপুর রোড, ভুনবীর গ্রাম ও বাদে আলিশারকুলে অবৈধভাবে উত্তোলন করা ২ লাখ ১ হাজার ১২৭ ঘনফুট বালি জব্দ করে। এছাড়া ভুনবীর গ্রামের হাওর এলাকায় মেশিন দিয়ে কৃষিজমি থেকে বালি উত্তোলনের অপরাধে ভুনবীর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল ওয়াহিদকে বালি ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় বালি উত্তোলনে ব্যবহূত দুটি মেশিন ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।