সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নির্বাচন যদি সফলভাবে সম্পন্ন করতে হলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা জরুরি। এটি নষ্ট হলে নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে। সবার কাছে তার অনুরোধ, নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সহিংসতা না হয়।

বুধবার (২৭ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, ‘আমাদের জন্য আগামী দিনগুলো চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। একটি রাষ্ট্র আমরা পেয়েছি যেখানে কোনো টাকা ছিল না, কোনো সিস্টেম নেই। দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অল্প সময়ে তা নির্মূল করা কঠিন। আমরা দেখেছি মানুষ যেমন ভালোবেসে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে এসেছেন, আবার এটাও দেখতে পাচ্ছি যে মানুষ ধৈর্যহীন হয়ে যাচ্ছে।’

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ‘এক বছরে যদি আমরা ধৈর্যহীন হয়ে যাই, তবে ১৫-১৬ বছরের দুর্নীতি ও অনিয়ম কীভাবে দূর হবে? অন্তর্বর্তী সরকার আকস্মিকভাবে এসেছে, মানুষের জীবনে পরিবর্তন এনেছে।’

এ সময় দেশের রাজনৈতিক দলগুলো যাতে দেশের মানুষকে একটি নিয়মতান্ত্রিক নির্বাচন উপহার দেয় এ বিষয়েও আশা প্রকাশ করেন শারমীন এস মুরশিদ।

মতবিনিময় সভায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।