জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামে সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেল তিনটার পর তার জানাজা সম্পন্ন হয়।

সাহাবুদ্দিন আহমেদের ভাতিজা সোহরাব উদ্দিন আহমেদ বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেল তিনটার দিকে হেলিকপ্টারের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতির মরদেহ পেমই গ্রামে নিয়ে আসা হয়। তার প্রথম জানাজা শেষ হওয়ার পর মরদেহ আবার ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

পেমই গ্রামে তৎকালীন আওয়ামী লীগ সরকারের এ রাষ্ট্রপতির জানাজা পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জাতীয় পতাকা মোড়ানো রাষ্ট্রপতির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন পুলিশ প্রশাসন স্থানীয় সংসদ, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কেন্দুয়া পৌরসভার মেয়রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আজ সকাল ১০টা ২৫ মিনিটে ৯২ বছর বয়সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন থাকা সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের মৃত্যু হয়। বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি।