ফেনীর সোনাগাজীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মিজানুর রহমান (৪৫) নামের এক হোমিও চিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার দুপুরে উপজেলার চড়াইতকান্দি এলাকায় এ হামলার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে মিজানুর রহমান মারা যান। হামলায় গুরুতর আহত হয়ে তিন ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মিজান সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম ছড়াইতকান্দি গ্রামের জাকির উল্লাহর ছেলে। এ ঘটনায় গতকাল নিহতের ভাই আবু তৈয়ব বাদী হয়ে সোনাগাজী থানায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি শরীফুল ইসলাম (৩৭) ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে (৩০) গ্রেফতার করেছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম ছড়াইতকান্দি গ্রামের জাকির উল্লাহর ছেলেদের সঙ্গে প্রতিবেশী আবু তাহেরের ছেলেদের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে মামলার বাদী আবু তৈয়ব গাছের আম পাড়তে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এতে দুই পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১২টার দিকে জাকির উল্লাহর ছেলে মিজানুর রহমান চিকিৎসা কেন্দ্র বন্ধ করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। খবর পেয়ে তার ভাই আবদুল হাই (৪৮), আবু তৈয়ব (৫০) ও আবদুল গোফরান (৫৫) এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করলে মিজানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। সোনাগাজী থানার ওসি খালেদ হোসেন জানান, ছড়াইতকান্দিতে ভূমি বিরোধের জের ধরে হত্যার ঘটনায় মামলা রেকর্ড হয়েছে।










