মাদক সেবনে প্রতিবাদ করায় মুজিবনগর উপজেলায় সাইদুর রহমান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মনিরুল ইসলাম নামে এক মাদকসেবী।
এ ঘটনায় স্থানীয়দের পিটুনিতে নিহত হয়েছে ঘাতক মনিরুল।
গতকাল দুপুর ১২টার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের একটি চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও মনিরুল ইসলামের পিতার নাম আবুল হোসেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার পর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান ও পুলিশ সুপার এসএম মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় মুজিবনগর থানায় দুটি হত্যা মামলা করা হয়েছে।
সেই সঙ্গে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, যাদুখালি যতারপুর বটতলা মাঠের মোড়ে একটি চায়ের দোকানে গল্প করছিলেন সাইদুর, মনিরুলসহ আরো বেশ কয়েকজন কৃষক।
এ সময় মনিরুল গাঁজা সেবন করছিল।
মাদক সেবনে বাধা দেয় সাইদুর রহমান।
এতে তর্কে লিপ্ত হয় উভয়ে।
এক পর্যায়ে মনিরুল কাছে থাকা একটি হাঁসুয়া দিয়ে সাইদুরের গলায় কোপ দেয়।
ঘটনাস্থলেই নিহত হয় সাইদুর।
সেখান থেকে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে মনিরুল ইসলাম।
গণপিটুনিতে সে-ও ঘটনাস্থলে নিহত হয়।
বিষয়টি সিআইডি ও পুলিশের একটি দল তদন্ত করছে।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান বলেন, মনিরের মতো মানুষকে যারা মাদক দিয়ে সৃষ্টি করেছে তাদেরও বিচারের আওতায় আনা হবে।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরো বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে কথা বলে নিহত সাইদুরের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।










