সিরাজগঞ্জ পৌরসভার রাস্তার পাশে ড্রেন নির্মাণের সময় একটি বাড়ির পুরনো সীমানা প্রাচীর ধসে পড়েছে। এ সময় প্রাচীরের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই শ্রমিক। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ব্যাপারীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম রাজা শেখ (৩৬)। তিনি কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামের মানিক শেখের ছেলে। অপরজনের বাড়ি সদর উপজেলা বহুলী গ্রামে।

আহত দুজনের মধ্যেও একজনের পরিচয় জানা গেছে। তার নাম আব্দুল খালেক (৬০)। তিনি সদর উপজেলার শিবনাথপুর গ্রামের মৃত ফজল মণ্ডলের ছেলে। সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেক। আহত আরেকজনের পরিচয় জানা যায়নি। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্যাপারীপাড়া সড়কে পৌরসভার ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ চলছিল। ইমরুল হাসান নামে এক ব্যক্তির বাড়ির পুরনো সীমানা প্রাচীর ঘেঁষে ড্রেনের খনন কাজ করছিলেন শ্রমিকরা। সীমানা প্রাচীরের চেয়েও গভীর করে ড্রেন খনন কাজ করায় নিচের মাটি সরে গিয়ে প্রাচীরটি ধসে পড়ে। এ সময় ধসে যাওয়া প্রাচীরের নিচে চাপা পড়েন চার শ্রমিক। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়।