ঝালকাঠির নলছিটিতে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশার চালকসহ দুজন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।

আজ সোমবার (২৬ জুন) সকালে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত চারজনকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হালিমা বেগম (৩৫) ও তার মেয়ে ছোয়া মনি (১৭)। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গিয়েছেন। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানায়, একটি মিনি ট্রাক বরগুনা থেকে বরিশাল যাচ্ছিল। এ সময় মিনি ট্রাকটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চালকসহ সবাই আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে দুজন মারা যান।

এ ঘটনায় দুর্ঘটনা কবলিত  ট্রাক ও সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।