এবারের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬১৮ পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জন জিপিএ ৫ পেয়েছে। পরীক্ষায় পাসের হার শতভাগ এবং জিপিএ ৫ প্রাপ্তির হার ৯৮ দশমিক ২২ শতাংশ।

বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ও সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, বরং চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য। এজন্য ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেয়া হয়। ভবিষ্যতে ক্যাডেটরা যেন আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছতে পারে সে লক্ষ্যে এ প্রতিষ্ঠানগুলোয় প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে। —আইএসপিআর