রংপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রি করায় ৩ বিক্রেতাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৬ মার্চ) নগরীর সিটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালক আজাহারুল ইসলাম।
অভিযান পরিচালনাকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রি করায় তিন বিক্রেতাকে সতর্কতামূলক ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহারুল ইসলাম বলেন, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে রংপুর সিটি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ বাজারে প্রথম দিন হওয়ায় বিক্রেতাদের সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রির কোনো সুযোগ নেই।
অভিযানকালে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুজ্জামানসহ মেট্রোপলিটন ডিবির সদস্যরা।









