বিক্ষোভকারী ও সরকারদলীয় কর্মীদের সংঘর্ষে
রণক্ষেত্রে পরিণত হয়েছে চট্টগ্রাম। দিনের শুরুতে ছত্রভঙ্গ হয়ে গেলেও দুপুর ১টার পর নগরীর নিউমার্কেট সংলগ্ন তিনপুলের মাথা এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
বিক্ষোভকারী, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ২৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা আক্রমণের মুখে সরে গেলেও পরে
নিউ মার্কেটের
গোলাম রসুল মার্কেট এলাকায় এসে অবস্থান নেয়। অপর দিকে জুবিলি রোডের অংশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের দিকে হামলা করছে। বিক্ষোভকারীরাও সরকারদলীয় কর্মীদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষের ঘটনায় আহত ২৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আনা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চমেক হাসপাতালে আহতরা আসতে থাকেন। তারা বেশির ভাগ গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন আলাউদ্দিন (২৬), সোহরাব (২২) ও মো. ফারুক (২৫)। এই তিনজনের কেউ ছাত্র নন বলে জানা গেছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, আহতদের নগরীর নিউমার্কেট এলাকা থেকে
হাসপাতালে আনা হয়েছে।
দিনভর সড়কজুড়ে যানবাহনের উপস্থিতি ছিল খুবই কম। নগরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।










