অনুপ্রবেশের দায়ে বিভিন্ন সময় আটক হওয়া ১৫ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারত। বৃহস্পতিবার রাতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করা হয়েছে। গতকাল সকালে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ওসি শামীনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০টার পর বিজিবি সদস্যরা ভারত থেকে ফিরে আসা ১৫ নারী, পুরুষ ও শিশুকে সদর থানা পুলিশে সোপর্দ করে। গতকাল সকালে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভারতে অনুপ্রবেশের সময় হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে বিএসএফ তাদের আটক করে। পরদিন বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার দিবাজ্যোতি ডলি ও বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেমের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।










