ঝালকাঠির নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান ও সচিব আবুহেনা মোহম্মদ রাশেদ ইকবালের স্বাক্ষর জাল করে ৪ লাখ টাকা উত্তোলন চেষ্টার অভিযোগে পৌরসভার হিসাবরক্ষক, ইলেকট্রিশিয়ান ও এক ঠিকাদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার রাতে মেয়র বাদী হয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিরা হলেন নলছিটি পৌরসভার হিসাবরক্ষক রেখা বেগম ও তার স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন ও ঠিকাদারি প্রতিষ্ঠান সুগন্ধা এন্টারপ্রাইজের মালিক এবিএম জাহিদুল ইসলাম।
জানা যায়, মেয়র ও সচিবের স্বাক্ষর জাল করে ৪ লাখ টাকার একটি চেক সোমবার সোনালী ব্যাংক নলছিটি শাখায় জমা করেন পৌরসভার ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন। টাকা উত্তোলনের জন্য চেকটি ব্যাংকে জমা দেয়ার পর চেকের স্বাক্ষর দেখে ম্যানেজারের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে ম্যানেজার ফোন করে চেকের বিষয়টি জানালে ওই চেকে স্বাক্ষর করেননি বলে জানান মেয়র। পরে বিষয়টি মেয়র পর্যবেক্ষণ করতে থাকেন। এরপর রাতে রেখা বেগম ও তার স্বামীকে পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান জানান, কাউন্সিলরদের নিয়ে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ চেষ্টা করায় তিনজনকে আসামি করে রাতেই মামলা করা হয়েছে।










