এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন মাহমুদ (৬২) বৃহস্পতিবার (১০ অক্টোবর) সরকারি দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে এসএমই ফাউন্ডেশন গভীর শোক প্রকাশ করেছে।

সোমবার (১৪ অক্টোবর) এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী স্বাক্ষরিত বার্তায় এ শোক জানানো হয়।

মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এসএমই ফাউন্ডেশন তার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

সালাহউদ্দিন মাহমুদ ১৯৬২ সালের ৪ জানুয়ারি ঢাকার দক্ষিণখান এলাকার চালাবন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

২০২১ সালের ১ নভেম্বর তিনি এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক (চুক্তিভিত্তিক) পদে যোগদান করেন। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও ২০১৯-২০২১ সাল পর্যন্ত এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।