চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম সুগার রিফাইনারি নামের একটি চিনি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল ৪টার দিকে সেখানকার ১ নম্বর গুদামে এ আগুন লাগে, যেখানে প্রায় এক লাখ টন অপরিশোধিত চিনি ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি, নৌবাহিনী ও বিমান বাহিনীর দুটিসহ মোট ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে কারখানাটি কর্ণফুলী নদীর পাড়ে হওয়ায় পানি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

জানা গেছে, এই রিফাইনারি থেকে প্রতিদিন গড়ে আড়াই হাজার টন চিনি পরিশোধন করা হয়। বছরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় আট লাখ টন। 

এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক বণিক বার্তাকে বলেন, ‘নদীর পাড়ে কারখানা হওয়ায় পানি পাওয়া নিয়ে শঙ্কার কারণ নেই। তবে আগুনের ভয়াবহতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে সময় লাগছে।’