কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান।
গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার মৃত হামিদ মোল্লার ছেলে কাজী সোহান শরিফ (৪০) ও একই এলাকার মৃত খন্দকার হারুন উর রশিদের ছেলে আশিকুর রহমান জুয়েল (৩৫)। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পাবনা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
র্যাব কমান্ডার ইলিয়াস খান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য পাওয়া গেছে তা মামলার তদন্তকারী সংস্থার কাজে লাগবে।
পাবনার ঈশ্বরদী নৌ-পুলিশের উপপরিদর্শক ও রুবেল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক বণিক বার্তাকে জানান, গ্রেফতারকৃতদের বুঝে নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
গত ৩ জুলাই রাত ৯টার দিকে সাংবাদিক রুবেল কুষ্টিয়া শহরের বাবর আলী গেটসংলগ্ন নিজ পত্রিকা অফিসে অবস্থানকালে সেলফোনে একটি কল পেয়ে বের হয়ে এনএস রোডের সিঙ্গার মোড়ের দিকে যান। এরপর
থেকে তার ব্যবহূত তিনটি মোবাইল ফোন নম্বরই বন্ধ ছিল। ওই
রাতেই রুবেলের ছোট ভাই মাহাবুব রহমান সোমবার কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৭
জুলাই দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীর ওপর নির্মাণাধীন কুমারখালী যদুবয়রা সংযোগ সেতুর নিচ থেকে রুবেলের মরদেহ উদ্ধার করা হয়।
৮ জুলাই রুবেলের চাচা মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা করেন।










