পিরোজপুরের ইন্দুরকানী
উপজেলার বালিপাড়া বাজার সংলগ্ন এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাস্থলের পাশে পরপর পাঁচটি
ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতের ওই ঘটনায় উপজেলা বিএনপির
আহ্বায়ক ফরিদ আহমেদসহ আটক হয়েছে দুজন।
রাত ৯টার দিকে ককটেল
পাঁচটি বিস্ফোরিত হয়। ওই সময় চারজন আহত হয় বলে স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানিয়েছে।
এ বিষয়ে পিরোজপুর
ডিবি পুলিশ (উত্তর) ওসি মো. জাকারিয়া হোসেন জানান, ইন্দুরকানী উপজেলার বালিপাড়া বাজার
সংলগ্ন এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভা চলাকালে সভাস্থলের পাশেই পরপর পাঁচটি ককটেল
বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরো জানান, প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভা বানচাল করতে এবং নাশকতা সৃষ্টির
উদ্দেশ্যে একটি পক্ষ এ ঘটনা ঘটাতে পারে। ডিবি পুলিশ ও ইন্দুরকানী থানা পুলিশ খবর পেয়েই
সেখানে গিয়ে সাতটি অব্যবহৃত ককটেল উদ্ধার করে।
এ ঘটনায় উপজেলা বিএনপির
আহ্বায়ক ফরিদ আহমেদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানাকে আটক করা হয়েছে
বলেও জানান এ ডিবি কর্মকর্তা।










