নানা আয়োজনের মধ্য দিয়ে নিজ শহর বরিশালে বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে নগরীর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. এএস কাইয়ুম উদ্দীন আহমেদ। এরপর কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষার্থীরা।

কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শুরু হওয়া এ মেলা চলেবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার ৫০টি স্টলে জীবনানন্দ দাশের নিজের ও তাকে (কবিকে) নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যেকে বহন করে এমন খাবার ও পণ্য প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এছাড়া নগরীর জীবনানন্দ দাশ সড়কে কবির বাড়িতে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে একদিনের অনুষ্ঠানমালা আয়োজন করা হয়। এ সময় উন্মুক্ত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও কবিতা পাঠ করা হয়।

অন্যদিকে সন্ধ্যায় বরিশাল ব্রজমোহন (বিএম) স্কুলে জীবনানন্দ জন্মজয়ন্তী উদযাপন পর্ষদের উদ্যোগে কবিতা পাঠের পাশাপাশি দুষ্প্রাপ্য পাঁচটি গান গেয়েছেন পাঁচ শিল্পী। 

কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। কলকাতায় ট্রাম দুর্ঘটনায় ১৯৫৪ সালে ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি।